Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

যুধবীরকে দেখে চমকে গেলেন সাইফ

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড অভিনেতা সাইফ আলি খানের নতুন ছবি ‘কর্তব্য’-এর বক্স অফিস প্রতিক্রিয়া মিশ্র হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির একটি চরিত্র নিয়ে জোর আলোচনা চলছে। ছবিতে ‘হরপাল’ নামের এক ১৬ বছরের কিশোরের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা যুধবীর আহলায়ত। পর্দায় তার সাবলীল অভিনয় দেখে প্রথমটায় সবাই তাকে শিশুশিল্পী ভাবলেও, আসল সত্য প্রকাশের পর রীতিমতো চমকে গেছেন দর্শক থেকে শুরু করে খোদ সহ-অভিনেতারাও। কারণ, পর্দায় কিশোর সাজা যুধবীরের প্রকৃত বয়স আসলে ৩৩ বছর।

এক সাক্ষাৎকারে যুধবীর জানান, শুধু দর্শক নন, শুটিং সেটের প্রায় সবাই তার ‘বাচ্চাদের মতো’ চেহারার কারণে তাকে শিশুশিল্পীই মনে করেছিলেন। এমনকি সাইফ আলি খানও প্রথমে তার আসল বয়স জানতেন না। সাইফের বিস্ময়ের কথা তুলে ধরে যুধবীর বলেন, একটি সাক্ষাৎকারে সাইফ স্যার হরপালের চরিত্রের প্রশংসা করে বলেছিলেন যে তিনি তাকে ১৬ বছরের ছেলেই ভাবতেন এবং বাচ্চার মতোই আচরণ করতেন। পরে পরিচালক পুলকিত যখন সাইফকে জানান যে যুধবীরের বয়স ৩৩, তখন তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। শুধু সাইফ নন, ছবির অন্য প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রও যুধবীরের আসল বয়স জানার পর চমকে যান।

ছবি মুক্তির পর চারদিক থেকে পাওয়া ভালোবাসায় দারুণ উচ্ছ্বসিত যুধবীর নিজের লুক নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করে জানান, অনেক নারী ভক্ত তাকে জানিয়েছেন যে তাকে বাচ্চাদের মতো দেখতে ‘কিউট’ লাগে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সাথে এটি যুধবীরের দ্বিতীয় কাজ। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার টিমের মাধ্যমে যোগাযোগ হওয়ার পর অডিশন দিয়ে এই চরিত্রের জন্য চূড়ান্ত হন তিনি, যা তার ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।

Popular Articles