টালিউড ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাঁ চোখে ছানির সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। এ কারণে চলতি মাসে নির্ধারিত কলকাতা সফর আপাতত স্থগিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ৩০ জুন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছেন চিকিৎসকরা।
এ কারণে আগামী ১২ জুলাই কলকাতায় অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। ওই দিন পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়ারও কথা ছিল।
কলকাতায় জন্ম নেওয়া বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিনেমাতেও সমান জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মায়ামৃগ’ ও ‘দুই ভাই’। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘বিশ সাল বাদ’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডেও নিজের অবস্থান শক্ত করেন।
শুধু অভিনয় নয়, ১৯৭৫ সালে ‘কেহতে হ্যায় মুঝকো রাজা’ সিনেমার মাধ্যমে প্রযোজক ও পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। সেই ছবিতে ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা ও রেখার মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা। সম্প্রতি ছেলের অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’ দেখে প্রসেনজিতের নতুন লুকের প্রশংসা করে আলোচনায় এসেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।





