বিশ্বসংগীতের আলোচিত তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী ৩ জুলাই এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে পুরো আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, জুলাইয়ের শুরুতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে—যার একটিতে থাকবেন প্রায় ১০০ অতিথি এবং অন্যটিতে প্রায় দেড় হাজার অতিথি উপস্থিত থাকবেন।
গোপনীয়তা রক্ষার্থে এই বিয়েতে কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি, বরং তথ্য ফাঁস ঠেকাতে অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অতিথিদের জন্য নির্ধারিত কঠোর নিয়ম। জানা গেছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেক অতিথিকে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ-তে সই করতে হতে পারে, যার ফলে বিয়ের কোনো ছবি, ভিডিও বা ভেতরের তথ্য প্রকাশ করা যাবে না।
দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সম্পন্ন করা এই জুটির বিয়েতে সম্ভাব্য অতিথি তালিকায় রয়েছেন এড শিরান, সেলেনা গোমেজ, গিগি হাদিদ ও সাবরিনা কারপেন্টারের মতো তারকা। ট্রাভিস ইঙ্গিত দিয়েছেন বিয়েতে সংগীতের বিশেষ আয়োজন থাকবে, তবে বিয়ের তারিখ বা ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক রহস্য বজায় রেখেছেন এই জুটি।





