এক সময় বলিউডে নিজের অবস্থান হারিয়ে ফেলেছিলেন ববি দেওল। তবে ‘আশ্রম’ সিরিজ ও ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর তিনি আবারও আলোচনার কেন্দ্রে। এবার তিনি হাজির হচ্ছেন পরিচালক অনুরাগ কাশ্যপের নতুন চলচ্চিত্র ‘বান্দর’ (মানকি ইন অ্যা ক্যাজ) নিয়ে, যা মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছে।
গত বছর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সমালোচকদের একাংশ এটিকে অনুরাগ কাশ্যপের সাম্প্রতিক সময়ের অন্যতম সাহসী ও আলোচিত কাজ হিসেবে উল্লেখ করেছেন।
ছবিতে ববি দেওল অভিনয় করেছেন সমীর মেহরা নামের এক টেলিভিশন তারকার চরিত্রে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ব্যক্তির জীবন ওলটপালট হয়ে যায়, যখন তার সাবেক প্রেমিকা তাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেন। এরপর শুরু হয় আইনি লড়াই, সামাজিক বিচার এবং ব্যক্তিগত সংকটের কঠিন অধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানান, চরিত্রটির গভীরতা ও জটিলতাই তাকে ছবিটির প্রতি আকৃষ্ট করেছে। এমনকি ক্যারিয়ারের সফল সময়ে থেকেও তিনি পারিশ্রমিক বাড়ানোর চিন্তা না করে চরিত্রটিকেই প্রাধান্য দিয়েছেন। তার ভাষায়, কিছু কাজ অর্থের জন্য নয়, শিল্পীসত্তার তাগিদে করতে হয়।
পরিচালক অনুরাগ কাশ্যপও ববির অভিনয়ের প্রশংসা করে বলেছেন, ‘বান্দর’-এ দর্শক তাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাবেন। তিনি মনে করেন, এই ছবিতে ববি নিজেকে আবেগের দিক থেকে পুরোপুরি উন্মুক্ত করেছেন।
ববি দেওলের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, সাবা আজাদ, সাপনা পাব্বি ও রাজ বি শেট্টি। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্র ক্ষমতা, সম্পর্ক, সামাজিক দৃষ্টিভঙ্গি ও বিচারব্যবস্থার জটিল প্রশ্নকে সামনে নিয়ে আসে।
‘আশ্রম’ থেকে ‘অ্যানিম্যাল’ এবং এখন ‘বান্দর’—প্রতিটি কাজেই ববি দেওল প্রমাণ করছেন, অভিনয় তার কাছে শুধু পেশা নয়, নিজেকে নতুনভাবে আবিষ্কারের এক নিরন্তর যাত্রা।





