সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ব্যক্তিগত জীবন, কাজের আপডেট কিংবা অনুভূতির নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এবার তার ফেসবুক পোস্ট ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।
শুক্রবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। প্রথম ভিডিওতে দেখা যায়, তার বাম পায়ে প্লাস্টার করা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঠ্যাং এ নজর লাগছে।’
এর কয়েক ঘণ্টা পর প্রকাশিত দ্বিতীয় ভিডিওতে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার করা ছিল। ভিডিওটির পেছনের পরিবেশ দেখে অনেকের ধারণা, এটি কোনো হাসপাতালেই ধারণ করা হয়েছে। ওই পোস্টের ক্যাপশনে পরীমনি লেখেন, ‘এক পায়ে….’
তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা কী ধরনের চিকিৎসা চলছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাননি এই অভিনেত্রী।
ভিডিও দুটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ঠিক কী ঘটেছে পরীমনির।
শোবিজ অঙ্গনের সহকর্মীসহ অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে এ বিষয়ে পরীমনির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।





