বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন।
সকাল থেকেই এফডিসিতে ভোট দিতে আসছেন দেশের চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। ভোটকেন্দ্র ঘিরে রয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সমর্থকদের উপস্থিতি এবং গণমাধ্যমের সরব উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এফডিসি এলাকা।
গত এক মাস ধরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এফডিসি ছিল সরগরম। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে ব্যাপক প্রচারণা চালান।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলের নেতৃত্বে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তাকে সহযোগিতা করছেন নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে নির্বাচন-পরবর্তী যেকোনো আপিল ও বিরোধ নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন আপিল বোর্ডের সদস্য ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হবে ভোট গণনা। এরপরই জানা যাবে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।





