বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে নেতৃত্ব দেন শিবা শানু ও জয় চৌধুরী। নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে বিএফডিসি ছিল উৎসবমুখর। প্রচার-প্রচারণা, মতবিনিময় এবং বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সরব ছিল চলচ্চিত্রাঙ্গন।
এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। রাতভর গণনা শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বে নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীর নেতৃত্বে আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম পরিচালিত হবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব শিল্পীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।





