বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৮৪ শতাংশ।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কামাল মো. কিবরিয়া লিপু জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবার রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এফডিসিতে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থী, ভোটার ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরগরম ছিল পুরো প্রাঙ্গণ। এখন সবার নজর ভোট গণনা এবং নতুন নেতৃত্বের ঘোষণার দিকে।





