পাকিস্তানি ইউটিউবার রজব বাট এবং জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরে ফিশান সেলিমের প্রেম ও সম্ভাব্য বাগদানের খবর নিয়ে এখন উত্তাল দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন প্ল্যাটফর্মে এই দুই তারকার সম্পর্কের দাবি করে নানা পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করছেন ভক্তরা। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি। ভাইরাল হওয়া এই গুঞ্জন নিয়ে দুরে ফিশান কিংবা রজব-কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। সম্পর্ক বা বিয়ের পরিকল্পনার বিষয়ে কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় পুরো বিষয়টিই আপাতত স্রেফ গুঞ্জন হিসেবে রয়ে গেছে।
দুরে ফিশান সেলিম বর্তমান পাকিস্তানের অন্যতম সফল ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। ২০২০ সালে হাম টিভির ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেই তিনি নজর কাড়েন এবং একই বছর ‘ভারাস’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ২০২২ সালে ব্লকবাস্টার ড্রামা সিরিজ ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৩ সালে ‘ইশ্ক মুর্শেদ’ এবং ২০২৫ সালে ‘সানওয়াল ইয়ার পিয়া’-র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। চমৎকার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এ মনোনীতও হয়েছেন।
অন্যদিকে, রজব বাট পাকিস্তানের শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একজন। তার ‘রজব’স ফ্যামিলি’ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৯০ লাখ ছাড়িয়েছে। মূলত ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল এবং পারিবারিক বিনোদনমূলক ভিডিওর জন্য তিনি দর্শক মহলে দারুণ জনপ্রিয়। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সফল ব্যবসায়ী হিসেবেও নিজের পরিধি বাড়িয়েছেন রজব, যার নিজস্ব একটি লাক্সারি পারফিউম ব্র্যান্ড রয়েছে।
সূত্র: পাকিস্তান কানেক্ট





