আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’-এর সাফল্যের পর এবার নতুন একটি থ্রিলার অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন শাকিব। পোস্টে তিনি লেখেন, “বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।”
পরিচালক মেহেদী হাসান হৃদয়ও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তবে সিনেমার নাম, অন্যান্য অভিনয়শিল্পী কিংবা বিস্তারিত তথ্য এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, এটি ‘বরবাদ’-এর সিক্যুয়াল নয়; বরং একেবারেই নতুন গল্পের একটি থ্রিলার অ্যাকশনধর্মী সিনেমা। এতে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে না। দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করা হবে।
জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন লোকেশনেও একটানা শুটিং করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। পরে ঈদুল আজহায় সিয়াম আহমেদকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নির্মাতা।





