Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

স্পাইডারম্যানের জালে মেসি, মাত্র ২০ সেকেন্ডের জন্য নিলেন ১৮৫ কোটি টাকা

ফুটবল মাঠের ম্যাজিক এবার মার্ভেলের রূপালি পর্দায়! বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডারম্যান’-এর সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রকাশিত একটি প্রচারণামূলক (প্রোমোশনাল) ভিডিও ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তবে সব কিছুকে ছাপিয়ে এখন তুমুল আলোচনায় এসেছে এই ভিডিওতে মেসির পারিশ্রমিকের অঙ্কটি।

প্রায় ৪০ সেকেন্ডের এই বিশেষ ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফি শপে বসে ফোনে কথা বলছেন। ঠিক তখনই হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে প্রবেশ করেন আর্জেন্টাইন জাদুকর মেসি। এর কিছুক্ষণ পরই পিটার নিজের চিরচেনা রূপ বদলে স্পাইডারম্যান সেজে হাজির হন। তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল ভিডিওর শেষ মুহূর্তে— যেখানে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে মেসিকে উড়ে বেড়াতে দেখা যায়। প্রিয় ফুটবল তারকাকে এমন চেনা সুপারহিরোর সাথে দেখে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।

ভিডিওটি প্রকাশের পরপরই হলিউডভিত্তিক বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, এই প্রজেক্টে মাত্র ২০ সেকেন্ড স্ক্রিন শেয়ার করার জন্য মেসি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা। অবশ্য এই বিশাল অঙ্কের পারিশ্রমিকের সত্যতা সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধি— কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে পুরো বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই ডালপালা মেলছে।

ধারণা করা হচ্ছে, এই ধামাকা ভিডিওটি মার্ভেলের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণার অংশ। বহুল প্রতীক্ষিত এই ছবিটি আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও দর্শকদের কৌতুহলের শেষ নেই। মার্ভেল কমিকস অনুযায়ী, এটি পিটার পার্কারের তৈরি একটি বিশেষ ডিভাইস, যা প্রথম ব্যবহার করা হয়েছিল ভিলেন ডক্টর অক্টোপাসকে ট্র্যাক করার জন্য। এবার এই ট্র্যাকারের পর্দায় একাধিক লাল সংকেত বা সিগন্যাল দেখা যাওয়ায় মার্ভেল ভক্তদের ধারণা, এটি হয়তো মাল্টিভার্সের নতুন কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনো মুখে কুলুপ এঁটেছেন।

হলিউড পাড়ার খবর, নতুন এই সিনেমার গল্প শুরু হবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’–এর ঠিক পর থেকে; যেখানে পৃথিবীর সবাই ভুলে গিয়েছিল যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। নতুন এই অধ্যায়ে স্পাইডির সাথে ‘পানিশার’ ও ‘হাল্ক’-এর মতো জনপ্রিয় চরিত্রদেরও দেখা যেতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে।

সুপারহিরোর দুনিয়ায় মেসির এই আকস্মিক উপস্থিতি ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্ত— দুই পক্ষকেই এক সুতোয় গেঁথেছে। তবে পর্দায় মেসির অভিনয় কিংবা তার অবিশ্বাস্য পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের আরও কিছুদিন অপেক্ষার প্রহর গুণতেই হচ্ছে।

Popular Articles