নাটক, চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ আব্দুল হান্নান শেলীর শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি ঈদ উপলক্ষে পাবনায় গিয়ে অভিনেতা এম কে এইচ পামির অসুস্থ শেলীর সঙ্গে দেখা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিনেতার বর্তমান অবস্থার কথা তুলে ধরেন।
পামির জানান, শেলী এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে দাঁড়ানোর চেষ্টা করলেই তার পুরো শরীর কাঁপতে থাকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, সুস্থ হতে তার আরও দীর্ঘ সময় লাগতে পারে।
অসুস্থ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পামির। তিনি বলেন, শেলীর সুস্থতার জন্য সবাই যেন প্রার্থনা করেন।
পোস্টে একটি আবেগঘন ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। পামির জানান, দীর্ঘদিন পর পরিচিত কাউকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেলী। তাকে দেখে জড়িয়ে ধরেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
আব্দুল হান্নান শেলী দীর্ঘ অভিনয় জীবনে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি ‘কীর্তনখোলা’ ও ‘দ্য লাস্ট ঠাকুর’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘দুই দিনের দুনিয়া’তে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে।
তার অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।





