Monday, March 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মাইকেল জ্যাকসনের বায়োপিক:মাইকেল লুকে সামনে এলেন জাফর

কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ এর নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশ হওয়া পোস্টার মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পোস্টারটি মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিট ইট’ এর মিউজিক ভিডিও থেকে নেওয়া আইকনিক লুক থেকে।

এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। পোস্টারে জাফরের উপস্থিতি দেখে অনেক ভক্তই বিস্মিত। চুলের স্টাইল, পোশাক, দৃষ্টি ও শরীরী ভাষায় যেন হুবহু মাইকেল জ্যাকসন। এই নিখুঁত রূপান্তর মাইকেলভক্তদের মধ্যে নতুন করে আবেগের জোয়ার তুলেছে।

বিশ্বসংগীতের ইতিহাসে মাইকেল জ্যাকসন শুধুই একজন গায়ক নন। তিনি একটি সাংস্কৃতিক বিপ্লবের নাম। গানের সঙ্গে অভিনব নৃত্যভঙ্গি, মঞ্চে অনন্য পারফরম্যান্স, ফ্যাশনে সাহসী পরীক্ষানিরীক্ষা এবং ব্যক্তিগত জীবনের আলোচিত নানা অধ্যায় তাঁকে পরিণত করেছিল বৈশ্বিক সংস্কৃতির অন্যতম শক্তিশালী আইকনে।

‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘স্মুথ ক্রিমিনাল’– এমন অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হলেও তাঁর প্রভাব আজও অম্লান।

‘মাইকেল’ সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরা হবে। শৈশবের কঠোর অনুশীলন, জ্যাকসন ফাইভ থেকে একক শিল্পী হিসেবে উত্থান, বিশ্বজয়ী সাফল্য, সৃজনশীল উৎকর্ষের শীর্ষে পৌঁছানো। সবকিছুর পাশাপাশি তাঁর ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক টানাপোড়েনও গুরুত্বের সঙ্গে দেখানো হবে।

লায়নসগেট প্রযোজিত এই সিনেমার টিজার প্রকাশ পায় গত নভেম্বরে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ছবিটি কেবল একজন তারকার গল্প নয়; বরং একজন শিল্পীর শিল্পী হয়ে ওঠার যাত্রার জীবন্ত দলিল। কিংবদন্তি এই শিল্পীর জীবন ও সংগীতের উত্তরাধিকার নতুন প্রজন্মের দর্শকের কাছে নতুন করে তুলে ধরতেই বড় পর্দায় আসছে এই বায়োপিক। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘মাইকেল’।

Popular Articles