চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর—
হইচই
১৩ মার্চ হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঈশা সাহা অভিনীত এ সিনেমায় তুলে ধরা হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের এক অজানা অধ্যায় ও তাঁর রহস্যময় অন্তর্ধানের গল্প। তিনটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে চৈতন্যদেবের প্রেম ও অহিংসার দর্শনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানের সংঘাতপূর্ণ পৃথিবীতে তাঁর ভক্তি ও ভালোবাসার আদর্শ কতটা প্রাসঙ্গিক, সেটিও দেখানো হয়েছে।
নেটফ্লিক্স
১২ মার্চ নেটফ্লিক্সে এসেছে তামিল সিনেমা ‘মেইড ইন কোরিয়া’। প্রিয়াঙ্কা আরুল মোহন ও পার্ক হাই জিন অভিনীত ছবিটির কেন্দ্রীয় চরিত্র তামিলনাড়ুর কোলাপ্পুর গ্রামের মেয়ে শেনবা। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার স্বপ্ন নিয়ে নানা বাধা পেরিয়ে সে সিউলে পৌঁছায়। সেখানে গিয়ে তাকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। প্রেমিক মণির বিশ্বাসঘাতকতা ও বাবার সঙ্গে দূরত্ব তাকে ভিনদেশে একা করে তোলে। এমন পরিস্থিতিতে এক কোরিয়ান যুবকের সঙ্গে তার পরিচয় হয়।
একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্প্যানিশ সিরিজ ‘দ্যাট নাইট’। ক্লারা গ্যালে, ক্লডিয়া সালাস ও পলা ইউসারো অভিনীত সিরিজে দেখা যায়–ডোমিনিকান রিপাবলিকে ছুটি কাটাতে গিয়ে এলেনা নামের এক তরুণী দুর্ঘটনাবশত গাড়ি চাপা দেয় একজনকে। ভয় পেয়ে সে দুই বোন পাউলা ও ক্রিসকে সাহায্যের জন্য ডাকে। ঘটনাটি লুকাতে গিয়ে তারা আরও বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়ে।
প্রাইম ভিডিও
১৩ মার্চ প্রাইম ভিডিওতে এসেছে হিন্দি সিরিজ ‘অ্যাসপিরেন্টস সিজন ৩’। নবীন কাস্তুরিয়া, শিবঙ্কিত সিং ও অভিলাষ থাপলিয়াল অভিনীত এই মৌসুমে তিন বন্ধু অভিলাষ, গুঁড়িয়া ও এসকের জীবনের পরিণত অধ্যায় তুলে ধরা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অভিলাষ শর্মাকে যে রাজনৈতিক চাপ, দুর্নীতি ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেটিই এই সিজনের মূল উপজীব্য।
জিওহটস্টার
১৩ মার্চ জিওহটস্টারে মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া ২’। জেনিফার গুডউইন, জেসন বেটম্যান, ইদ্রিস আলবা ও শাকিরার কণ্ঠে নির্মিত ছবিটির গল্প জুটোপিয়া নামের এক অদ্ভুত শহরকে ঘিরে। পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে নানা বাধা পেরিয়ে প্রথম খরগোশ হিসেবে পুলিশ বিভাগে যোগ দেয় জুডি হপস। শহরে ঘটতে থাকা রহস্যজনক ঘটনার অনুসন্ধানে এবারও তার সঙ্গী ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড। নতুন রহস্য উন্মোচনই এই পর্বের মূল আকর্ষণ।




