শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার প্রকাশ হয়েছে। টিজারজুড়ে দেখা গেছে অ্যাকশনের গল্প। এ যেন ঢালিউডের কিং নিজেই যেকোনো প্রতিদ্বন্দ্বীকে জানিয়ে দিলেন, ঈদুল ফিতরে বড় পর্দায় তার ফেরার গল্প শুরু হতে যাচ্ছে ঝড়ের মতো। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে, আর সিনেমার ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’ শাকিব খান নিজের সোশ্যাল মিডিয়ায় এই হুঁশিয়ারি দিয়ে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘প্রিন্স’র -এর টিজার।
সিনেমার গল্পের পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড আর আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে। শাকিব খানের নতুন রূপ, রহস্যময় চরিত্র আর চমকপ্রদ অ্যাকশন মুহূর্ত দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারিগরি দিক থেকেও ‘প্রিন্স’ দিচ্ছে চমক, ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় এর ক্যামেরার দায়িত্ব সামলেছেন।
প্রদর্শনে থাকছেন শাকিব খানের বিপরীতে দুই লাস্যময়ী নায়িকা দেশের জনপ্রিয় তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী অভিনেত্রী। সব মিলিয়ে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ যেন ঝড় তুলতে প্রস্তুত। টিজার মুক্তির মুহূর্তেই স্পষ্ট, সিনেমাটির অ্যাকশন, রহস্য ও নস্টালজিয়ার সংমিশ্রণ দর্শকদের মন জয় করবে।
প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। টিজার প্রকাশের এই মুহূর্তেই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঈদ উৎসবের আনন্দকে বহুগুণ বাড়াতে ‘প্রিন্স’ হয়ে উঠছে ঢালিউডের এই ঈদ তুরুপের তাস।





