মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অলিগলি এখন যেন বলিউডের কোনো শুটিং সেট। সেখানে কোনো গ্ল্যামারাস লাইট বা ক্যামেরা নেই, কিন্তু আছেন খোদ বলিউড ‘পারফেকশনিস্ট’ আমির খান। গত সোমবার থেকেই জিয়াগঞ্জের ভূমিপুত্র, বিশ্বখ্যাত গায়ক অরিজিত সিংয়ের বাড়িতে আতিথেয়তা নিচ্ছেন অভিনেতা। আর এই সফরের মূল উদ্দেশ্য- আমিরের আসন্ন ছবির সংগীতের গুরুভার সামলাচ্ছেন স্বয়ং অরিজিত সিং।
মঙ্গলবার বিকেলে বহরমপুরের একটি বেসরকারি হোটেল থেকে সাদা গাড়িতে চড়ে জিয়াগঞ্জের উদ্দেশে রওনা দেন আমির। রাস্তার দু’পাশে তখন হাজারো মানুষের ভিড়, সবার লক্ষ্য শুধু প্রিয় তারকাকে একঝলক দেখা।
অরিজিতের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত জিয়াগঞ্জেই থাকছেন আমির। অরিজিতের নিজস্ব স্টুডিওতে দুই তারকা দীর্ঘ সময় কাটাচ্ছেন নতুন ছবির সংগীত পরিচালনা ও রেকর্ডিংয়ের কাজে। গায়ক হিসেবে বিশ্ব জয় করলেও, এই প্রজেক্টের মাধ্যমে অরিজিতের এক নতুন ‘মিউজিক্যাল জার্নি’ শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জিয়াগঞ্জে কেবল কাজ নয়, বেশ ঘরোয়া মেজাজেই সময় কাটাচ্ছেন আমির খান। সাদা টি-শার্টে তাঁর অতি সাধারণ বেশভূষা মন কেড়েছে নেটিজেনদের। কখনও অরিজিতের বাড়ির ছাদে উঠে লাটাই-সুতো হাতে ঘুড়ি ওড়াচ্ছেন, আবার কখনও দাবার বোর্ডে সবাইকে কিস্তিমাত করছেন। বলিউডের অন্যতম প্রভাবশালী এই অভিনেতার এমন সহজ-সরল জীবনযাপন এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।
গত রোববার থেকেই আমির মুর্শিদাবাদে থাকলেও সোমবার তাঁর স্টুডিওতে ঢোকার একটি ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। অরিজিতের স্টুডিও ও বাড়ির সামনে এখন উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কাজ চললেও সাধারণ মানুষের আবেগ থামিয়ে রাখা দায় হয়ে পড়েছে।
সুরের জাদুকর অরিজিত আর অভিনয়ের জাদুকর আমিরের এই ঐতিহাসিক যুগলবন্দি বড় পর্দায় কী ম্যাজিক তৈরি করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো বলিউড।



