হেলিকপ্টার থেকে নামছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। চোখে রোদচশমা, হাতে মিসাইল আর আঙুলের ছোঁয়ায় পিয়ানোর রিড- ঠিক এভাবেই এক বিধ্বংসী ও রাজকীয় লুকে ধরা দিলেন ‘কিং খান’। আসন্ন ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’-এর প্রথম লুক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এই ছবির মোশন পোস্টারের ট্যাগলাইন বেশ রহস্যময়- ‘একটা শহর, একটা উপাখ্যান-ঢাকা এবার বলবে ‘প্রিন্স’ এর গল্প!’ পরিচালক আবু হায়াত মাহমুদের হাত ধরে বড় পর্দায় ফিরছে নব্বই দশকের ঢাকা। সেই সময়ের প্রেক্ষাপট, আবেগ আর আভিজাত্যকে তুলে ধরতেই এই বিশাল আয়োজন। সিনেমাটিকে আন্তর্জাতিক মান দিতে ক্যামেরার পেছনে রাখা হয়েছে ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে।
সিনেমার শুটিংয়ের জন্য গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান এবং কলকাতার নবাগত নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু। সমুদ্রের পাড়ে এই নতুন জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। জানা গেছে, সেখানে মূলত দুজনের প্রেমের দৃশ্যগুলোই ক্যামেরাবন্দি করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক শুটিং সেটের এক প্রত্যক্ষদর্শী জানান, শাকিব-জ্যোতির্ময়ীর অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই সাবলীল যে, দর্শক তাঁদের প্রথমবার দেখছেন বলে মনেই করবেন না।
শাকিবের বিপরীতে এই ছবিতে থাকছেন দুই নায়িকা। কলকাতার জ্যোতির্ময়ী যখন নব্বই দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে, আর সমান গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় দেখা যাবে বাংলাদেশের তাসনিয়া ফারিণকে। দুই বাংলার দুই অভিনেত্রীর সাথে শাকিবের এই ত্রিমুখী সমীকরণ ছবির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
সহ-অভিনেতা হিসেবে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ জ্যোতির্ময়ী। তাঁর মতে, “শাকিব ভাই এত বড় তারকা হওয়া সত্ত্বেও কাজের সময় খুবই মাটির মানুষ। তিনি সেটে এতটাই সহযোগিতা করেন যে তাঁর খ্যাতির চাপ আমি অনুভবই করি না।”
বিদেশের মাটিতে টানা ২০ দিনেরও বেশি সময় শুটিংয়ের পরিকল্পনা কারণ কেবল বাজেট সাশ্রয় নয়, বরং নব্বই দশকের ঢাকার সেই হারিয়ে যাওয়া পরিবেশ ও স্থাপত্যের স্বাদ মেলাতেই শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন পরিচালক। বর্তমানের আধুনিক ঢাকা থেকে সেই পুরোনো আমেজ উদ্ধার করা কঠিন বলেই বিদেশের লোকেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে।
রোমান্স আর ধুন্ধুমার অ্যাকশনের মিশেলে ‘প্রিন্স’ কি পারবে বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে? উত্তর মিলবে আসছে ঈদে।



