কয়েক বছরে বাংলাদেশের বিনোদন জগতে ওটিটির প্রভাব অনেকটাই বেড়েছে। বিশেষ করে তরুণদের কাছে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম। ঈদের সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘরে বসে নতুন কনটেন্ট দেখার প্রবণতাও বাড়ছে। তাই ঈদকে ঘিরে নতুন কনটেন্ট প্রকাশের প্রতিযোগিতায় নেমেছে জনপ্রিয় কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই, বঙ্গ, চরকি, দীপ্ত প্লে, আইস্ক্রিন।
ঈদের ছুটি মানেই এখন শুধু টেলিভিশনের নাটক নয়, বরং ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেরও উৎসব। নানা ঘরানার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে নতুন নতুন কনটেন্ট। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্স কিংবা পারিবারিক নাটক। সব ধরনের দর্শকের জন্যই থাকছে ভিন্ন স্বাদের আয়োজন। নির্মাতারাও চেষ্টা করছেন গল্পে নতুনত্ব আনতে, যাতে দর্শককে টানটান উত্তেজনায় ধরে রাখা যায়
চরকিতে ‘ক্যাকটাস’
শিহাব শাহিনের সিরিজ মানেই রহস্য, সাসপেন্স, মনোজগতের অনুভূতির দারুণ সব খেলা। এবারের ঈদে তেমনই এক রহস্যময় সিরিজ নির্মাণ করেছেন তিনি। নাম ‘ক্যাকটাস’। নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ একটি থ্রিলার ঘরানার গল্প, যার কেন্দ্রীয় চরিত্র মানসিভ। এ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। গল্পে তাঁকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার হিসেবে। টিজারে দেখা গেছে, মানসিভ কারাগারে বন্দি, তবে সাইবার জগতে তাঁর অসাধারণ দক্ষতা রয়েছে। একপর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাঁকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। তখন তাঁর মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। গত ৯ মার্চ চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিরিজটির অফিশিয়াল পোস্টার।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরীকে এক টান টান অ্যাকশন মুহূর্তে। সেখানে মানসিভ যেন বিপদের মুখে থাকা অনূঢ়া চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন। পোস্টারের এ দৃশ্যই সিরিজটির গল্পে রহস্য ও উত্তেজনার আভাস দিচ্ছে বলে মনে করছেন দর্শকেরা। সিরিজটি চরকির ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
হইচইতে একসাথে আলাদা
সব সম্পর্ক সুখের গল্পে গিয়ে শেষ হয় না। কখনও কখনও দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও দূরে সরে যায়, সম্পর্ক থেকে হারিয়ে যায় উষ্ণতা। এমনই এক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে হইচইয়ের নতুন ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। রেজাউর রহমান পরিচালিত এই রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ১৯ মার্চ।
সম্পর্কের ভাঙন ও টিকে থাকার লড়াই। গল্পের কেন্দ্রে আছে ফারহান ও আমিরা দম্পতি, যারা বুঝতে পারেন তারা একটি নিঃশেষিত সম্পর্কের মধ্যে আটকে পড়েছেন। ভালোবাসা কি এখনও আছে? নাকি সম্পর্কটি শেষ করে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। এ দ্বন্দ্বের মধ্য দিয়েই এগোতে থাকে গল্প। পরিবারের প্রত্যাশা, সামাজিক চাপ ও ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েনে তারা বুঝতে চেষ্টা করেন, আসলে সুখটা কোথায়। তারা কি একসঙ্গে থেকে সুখ খুঁজে পাবেন, নাকি আলাদা হওয়াই হবে তাদের মুক্তির পথ। এ প্রশ্নই গল্পের মূল সুর। ওয়েব ফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। রেজাউর রহমানের পরিচালনায় হইচইয়ের পর্দায় এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে।
এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে। ‘একসাথে আলাদা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। এক ঘণ্টা ব্যাপ্তির এই রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম হইচইয়ে পরিচালক রেজাউর রহমানের প্রথম কাজ। তাঁর ভাষ্যে, সম্পর্কের টানাপোড়েন, হাসি-আবেগ আর বাস্তব জীবনের দ্বন্দ্ব মিলিয়ে ‘একসাথে আলাদা’ দর্শকদের সামনে তুলে ধরবে আজকের সময়ের এক পরিচিত গল্প।
আইস্ক্রিনে ‘চক্র ২’
২০২৩ সালে মুক্তি পায় ‘চক্র’-এর প্রথম মৌসুম। ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেলেও এটিকে টিভি সিরিয়াল হিসেবে বানানো হয়েছিল। তখনই ঘোষণা আসে দ্বিতীয় সিজন ওয়েব সিরিজ হিসেবে আসবে। এরপর দুই বছরের অপেক্ষা। এর মাঝে অভিনেতা তৌসিফ মাহবুবের কাছে আসে ওটিটির বেশ কিছু বড় কাজের প্রস্তাব। তবে অভিনেতার মনে হয়েছিল, গল্পগুলো তিনি আগেও নাটকে করেছেন। তাই ফিরিয়েছেন একাধিক প্রকল্প। যখন তিনি এই সিরিজের গল্প পেলেন তখনই রাজি হন।
চক্রর প্রথম মৌসুমের মতোই দ্বিতীয়টিতেও তৌসিফকে ‘হুমায়ুন’ চরিত্রে দেখা যাবে। তবে এবার চরিত্রটির কয়েকটি ভিন্ন দিক বা রূপ সামনে আসবে। প্রথম সিজনের শুটিংয়ের পর নিজেকে আরও পরিণত করেছেন তৌসিফ। তাঁর মতে, আগের হুমায়ুন আর এখনকার হুমায়ুনের মধ্যে পার্থক্য তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ। সম্প্রতি সামাজিক মাধ্যমে রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ মাহবুব। ‘চক্র ২’-এর ফার্স্টলুক দেখে অনেকেরই মন্তব্য–আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) দিয়ে তৈরি ছবি।
তৌসিফ মাহবুব জানান, পুরোটাই বাস্তব। চরিত্রটির এই ফিটনেসের জন্য জিম থেকে ডায়েট–সবই করতে হয়েছে। তৌসিফ বলেন, ‘গত তিন-চার বছরের মধ্যে অভিনয়ে যতটুকু উন্নতি করতে পেরেছি, তার পুরোটা ঢেলে দিয়েছি। শুটিং চলাকালীন অন্য কোনো কাজও করিনি। চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’
বঙ্গতে ‘লাভ সিটার’
আসছে ঈদে বঙ্গে থাকছে সাত দিনের নানা আয়োজন। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিকশন ‘লাভ সিটার’। রোমান্টিক ঘরানার এ গল্পটি একটি পোষা বিড়ালকে ঘিরে আবর্তিত হয়েছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি। বঙ্গ অরিজিনাল প্রযোজনার এই সিনেমায় সাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ।
বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, সিনেমায় পোষা প্রাণীর প্রতি মমতা তুলে ধরা হয়েছে। এটি ঈদের তৃতীয় দিন প্রচার হবে। এই সিনেমা ছাড়াও ঈদের দিন থাকছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৭৩ থেকে ৮০ পর্ব। ঈদের পরদিন থাকছে ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ‘আলী’।
দীপ্ত প্লেতে মাইক্রোড্রামা
বাংলায় ডাবিংকৃত মাইক্রোডামা দেখা যাবে দীপ্ত প্লেতে। মাইক্রোড্রামা হলো স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক নাটক, যার প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের। সীমিত সময়ে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত ও আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। মোবাইল ফোনে দেখার জন্য এটি বিশেষভাবে উপযোগী।
দীপ্ত প্লের হেড অফ ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘‘ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সামনে রেখে আমরা ‘মাইক্রোড্রামা’ ফিচার চালু করছি।’





