বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় গাওয়া গান দিয়ে প্রথম কোনো শিল্পী হিসেবে তিনি ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা অ্যালবামের শিরোপা জিতে নিয়েছেন। এই বছর তিনি মোট তিনটি সোনালি গ্রামোফোন ট্রফি জিতেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সফল এক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
শুধু তাই নয়, এই সম্মানের জন্য মিউজিক্যাল একাডেমিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি তার বক্তব্যে মার্কিন ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এবং তাদের পরিচালিত অভিযানের তীব্র সমালোচনা করেন। তীক্ষ্ম ভাষায় বলেছেন, আমরা পশু নই, আমরা বন্য নই।
কালো স্যুটে সজ্জিত ব্যাড বানি যখন ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ গ্রহণ করতে মঞ্চে ওঠেন, তখন উপস্থিত দর্শকরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। সেখানে তিনি আইসিই-এর বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদী বার্তা দেন। স্প্যানিশ ভাষায় দেয়া তার সেই ভাষণের অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে আমি বলতে চাই- আইসিই বিদায় হোক। আমরা বন্য নই, আমরা পশু নই, আমরা ভিনদেশি বা এলিয়েন নই; আমরা মানুষ এবং আমরা আমেরিকান’।
তিনি আরও যোগ করেন, আমি মানুষকে বলতে চাই- আমি জানি বর্তমান সময়ে ঘৃণা না করাটা খুব কঠিন। আমি ভাবছিলাম যে মাঝেমধ্যে আমরা কলুষিত বা বিষাক্ত হয়ে পড়ি- আমি জানি না ইংরেজিতে এটা কীভাবে বলতে হয়।
বক্তব্যের শেষে তিনি বলেন, আমাদের আলাদা হতে হবে। যদি আমাদের লড়াই করতে হয়, তবে তা ভালোবাসার মাধ্যমেই করতে হবে। আমরা তাদের ঘৃণা করি না। আমরা আমাদের মানুষকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি; আর এভাবেই এগিয়ে যেতে হবে- ভালোবাসা দিয়ে। দয়া করে এটা ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বর এবং গ্র্যামিকেও ধন্যবাদ।
ল্যাটিন এই গায়ক তার সুপারহিট অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফোটোস’ এর মাধ্যমে প্রথম স্প্যানিশ ভাষার শিল্পী হিসেবে বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস গড়েন। ২০২৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পাওয়া এটি ছিল তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বর স্থান দখল করে।
গ্র্যামিতে ব্যাড বানি ও বিলি আইলিশের জয়জয়কারগ্র্যামিতে ব্যাড বানি ও বিলি আইলিশের জয়জয়কার
ব্যাড বানি মোট ছয়টি মনোনয়নের মধ্যে তিন পুরস্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’, ‘বেস্ট মিউজিকা আরবান অ্যালবাম’ এবং ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’।
উল্লেখ্য, ব্যাড বানি ছাড়াও বিলি আইলিশ এবং অলিভিয়া ডিন তাদের বিজয় ভাষণে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সমালোচনা করেছেন। তারা এই বৈশ্বিক মঞ্চকে নিজেদের দৃষ্টিভঙ্গি বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছেন।



